২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবার কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষা মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এই বছর প্রথমবারের মতো ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে। সেখান থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের শরীরে বডি ওর্ন ক্যামেরা থাকবে। কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থা নকল, বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন ফরম পূরণ করেছে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন ফরম পূরণ করেনি, যা ৩৩ দশমিক ৪ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম প্রথম বর্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৭৮ হাজার ২৬৯ জন ফরম পূরণ করেছে। ফরম পূরণ করেনি ৬১ হাজার ৬৬০ জন, যা ৪৪ দশমিক ৭ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণির ভোকেশনাল শাখায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৭৫ হাজার ১৯৭ জন ফরম পূরণ করেছে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৯০ হাজার ৩৪৫ জন ফরম পূরণ করেনি, যা ৫৪ দশমিক ৫৮ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বোর্ড, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ