সড়কে বাইক নিষিদ্ধ, চালু থাকবে যেসব যানবাহন

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জারি করা যানবাহন নিয়ন্ত্রণের অংশ হিসেবে আজও (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বিআরটিএর সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা ছিল।
এর আগে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে নির্বাচন কমিশন ও প্রশাসনের অনুমোদন সাপেক্ষে সংবাদকর্মী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এছাড়া বিদেশগামী যাত্রী বা বন্দর থেকে জরুরি পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ থাকবে।
ভোটারদের যাতায়াতের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচলের সুযোগ রাখা হয়েছে। তবে ইঞ্জিনচালিত দুই চাকার যান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নির্ধারিত সময় পর্যন্ত। নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






























