ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার চিন্তার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক ও পার্লামেন্টারি ব্যবস্থায় নির্বাচনই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। সে কারণে জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রেখেছে। এবারের নির্বাচনও তারা সেভাবেই গ্রহণ করেছেন এবং স্বচ্ছ ও অবাধ ভোটের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
তিনি জানান, রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং অফিসার, দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করা হচ্ছে। প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা ফলাফল শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, অল্প ভোটের ব্যবধানের কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। আইনি ভিত্তি পাওয়া গেলে পুনর্গণনার আবেদন করা হবে।
জামায়াতের এই নেতা বলেন, প্রায় ছয় হাজারের বেশি ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট বিধি অনুযায়ী ও যৌক্তিক কারণে বাতিল হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আইন অনুযায়ী ব্যালট পুনরায় পরীক্ষা করার আবেদন বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
কোথাও ওভাররাইটিং, ভোটের অঙ্ক লেখায় ভুল কিংবা গণনার ত্রুটি থাকলে তা পুনর্গণনার মাধ্যমে যাচাই করা উচিত বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, প্রায় দেড় লাখ ভোটার ভোট দিয়েছেন। সামান্য এক হাজারের মতো ভোটের ব্যবধান অনেকের কাছেই প্রশ্ন তৈরি করছে। হয় বাতিল হওয়া ছয় হাজার ভোট পরীক্ষা করা দরকার, অথবা কেন্দ্রভিত্তিক পুনর্গণনা হওয়া উচিত।
ডুমুরিয়া-ফুলতলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রায় দেড় লাখ মানুষ তাকে ভোট দিয়েছেন, যা তার কাছে বড় অর্জন। তিনি কোনো অনিয়ম বা অসৎ পন্থা অবলম্বন করেননি বলে দাবি করেন এবং কালো টাকা বা শক্তি প্রয়োগ করে ভোট নেওয়ার চেষ্টা করেননি বলেও উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেশের নির্বাচনী ইতিহাসে নতুন চিত্র তৈরি করেছে। উচ্চ ভোটার উপস্থিতি ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সাধারণ জনগণ, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।























