ব্যালট পাঠানো শুরু, বৃহস্পতিবার ভোটে নির্ধারিত হবে ভাগ্য

- আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঘোষিত গণভোটকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দিনের মধ্যে ঢাকা ও বড় শহরগুলোর অধিকাংশ কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছে যাবে। রাতের মধ্যেই দেশের সব ভোটকেন্দ্রে সরঞ্জাম সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন। সাদা ব্যালট পেপারে সংসদ সদস্য নির্বাচনের ভোট এবং গোলাপি ব্যালটে গণভোটের সিদ্ধান্ত প্রদান করবেন তারা।
নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সারাদেশে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠে কাজ করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিতে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে সরাসরি এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে।
ইসি আরও জানিয়েছে, দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে। ফলে বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





























