ভোট কারচুপির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : সালাম

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 18
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, ভোট কারচুপি বা নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে অতীতের মতো এবারও দেশের জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, “যারা ষড়যন্ত্রের কথা ভাবছেন, তারা যেন মনে রাখে—জনগণ রুখে দাঁড়াবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভায় আবদুস সালাম বলেন, দেশে এখন সঠিকভাবে শাসন চলছে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, বর্তমান সময়ে তেমন নেতৃত্ব দরকার। তার বক্তব্য অনুযায়ী, দেশের জন্য সেই নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র তারেক রহমান। তিনি আরও বলেন, জনগণ ইতোমধ্যে নেতৃত্বের জন্য তারেক রহমানকে বেছে নিয়েছে এবং তিনি তার বাবা-মায়ের পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নেবেন।
বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এতে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানে কাজ করা হবে বলেও জানান তিনি। তারেক রহমান নির্বাচিত হলে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন আবদুস সালাম। তিনি বলেন, এলাকার মানুষের বিশ্বাস, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান সবার আগে স্থানীয়দের অভাব-অভিযোগ দূর করবেন। “এই এলাকার মানুষ শুধু এমপি নয়, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়”—বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম বলেন, ঢাকা–১৭ আসন থেকে তারেক রহমান নির্বাচন করায় এলাকার মানুষ নিজেদের ভাগ্যবান মনে করছে। তিনি দাবি করেন, তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য রয়েছে—যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে, আইন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। তবে রাষ্ট্রের স্বার্থে কারো সঙ্গে আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন গড়ে ওঠার পেছনে তারেক রহমান ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের প্রয়োজন রয়েছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে।
প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলসহ প্রচার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





























