নয়ন ভালো হয়ে যাও: নাসীরুদ্দীন পাটওয়ারী

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে “ভালো হয়ে যাওয়ার” পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।” তিনি আরও বলেন, ঢাকা–৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। “নয়ন যত কথা বলবে, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে”—বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান পাটওয়ারী। তিনি বলেন, “আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।” প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, তার পরিবার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কার্যালয়ে যান রবিউল ইসলাম নয়ন। সেখানে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান। নয়ন বলেন, তিনি ওই এলাকার বাসিন্দা এবং এলাকার প্রার্থী হওয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসার ঠিকানা জানা দরকার। ভবিষ্যতে সংসদ সদস্য হলে কোনো সমস্যায় সেবা নিতে তার কাছে যেতে হতে পারে বলেও তিনি দাবি করেন।
এদিকে একই দিনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘হক ক্যাসেল’ ফ্ল্যাট মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কোনো কোনো প্রার্থীর প্রতি বিশেষ দুর্বলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি মহল নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করানোর তালিকা করেছে এবং ভেতরে ভেতরে পক্ষপাতিত্বের পরিবেশ তৈরি হচ্ছে।





























