সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ৯ নেতা বহিষ্কার

- আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা, নান্দাইল উপজেলা এবং কয়েকটি ইউনিয়ন পর্যায়ের ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ এবং নাদের খান চৌধুরী। এছাড়া নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রতন, সদস্য আবুল হাসিম ও ১০ নম্বর শেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ পারভেজকেও বহিষ্কার করা হয়েছে।
অন্যদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু এবং গজারিয়া উপজেলার অন্তর্গত বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনিক রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।





























