বাংলাদেশে অনেক মানুষ যাকাত আদায় করেন না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে যারা যাকাত দেন না এবং তা অস্বীকার করেন, তারা প্রকৃত অর্থে বিশ্বাসী নন। তার ভাষায়, যাকাত আদায়কারীরাই প্রকৃত ঈমানদার।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি যাকাত বোর্ড রয়েছে। তবে কাঙ্ক্ষিত পরিমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। বর্তমানে প্রায় ১১ কোটি টাকা সংগ্রহ করা হয়। তিনি দাবি করেন, এ তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা রয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সংগৃহীত অর্থের ৮০ শতাংশ বিতরণ করা হয় এবং বাকি ২০ শতাংশ কেন্দ্রীয়ভাবে ব্যয় করা হয়।
তিনি বলেন, যাকাত আহরণের দিক থেকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট অনেক এগিয়ে আছে।
ড. খালিদ হোসেন আরও বলেন, দেশে অনেক সচ্ছল ব্যক্তি হিসাব অনুযায়ী যাকাত আদায় না করে এককালীন অনুদান দেন। কিন্তু যাকাত ফরজ বিধান, এটি অবহেলা করলে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। যাকাত আদায় না করার পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।





























