পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

- আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে।
শুক্রবার জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সরিয়ে নেওয়া এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
রেসকিউ কর্মকর্তা মোহাম্মদ আমির জানান, আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের কারণ বা এটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদে জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এই বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।





























