বৈধ কাগজপত্র বা প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ৩৫ জনের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের নাগরিকত্বসহ প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা (এভসেক), প্রবাসী কল্যাণ ডেস্ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা প্রবাসীদের তাৎক্ষণিক বিমানবন্দরে সহায়তার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। পরবর্তীতে তাঁদের প্রয়োজনীয় মানসিক কাউন্সেলিং ও পেশাগত প্রশিক্ষণ শেষে পুনরায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত বা নথিপত্রহীনভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি সই করে বাংলাদেশ সরকার।
মন্তব্যসমূহ