কূটনীতি, সাংবাদিকতা, জনসেবা ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্ক’ (এসএএফএন)-এর সম্মানসূচক সিনিয়র ফেলো নিযুক্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক নীতি গবেষণা উদ্যোগ ‘দ্য মিলেনিয়াম প্রজেক্ট’-এর অধীনে পরিচালিত এসএএফএন মূলত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রূপরেখা, ভূরাজনীতি ও নীতিনির্ধারণী কৌশল নিয়ে গবেষণা ও সংলাপের আয়োজন করে থাকে। নতুন এই দায়িত্বের আওতায় মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটনে এসএএফএনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা, সংলাপ ও ভবিষ্যৎমুখী নীতি উদ্যোগগুলো এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
বর্তমানে জ্যেষ্ঠ সচিবের মর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসেও দায়িত্ব পালন করেছিলেন। কূটনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার আগে তিনি ওয়াশিংটনে মানবাধিকার সংস্থা ‘রাইট টু ফ্রিডম’-এর সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ছিলেন। এছাড়া ‘সাউথ এশিয়া পারসপেক্টিভস’-এর নির্বাহী সম্পাদক হিসেবে এবং হোয়াইট হাউস ও জাতিসংঘে স্থায়ী সাংবাদিক হিসেবেও মার্কিন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেছেন তিনি।
এসএএফএনের সিনিয়র ফেলোদের তালিকায় আন্তর্জাতিক পরিমণ্ডলের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী এরিক সোলহেইম, থাইল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ক্রিয়েংসাক চারোয়েনওংসাক এবং শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান গগন বুলাথসিংহলা।
প্রতিষ্ঠানটির বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান। এসএএফএন জানিয়েছে, আনসারীর অন্তর্ভুক্তি ওয়াশিংটনের প্রভাবশালী নীতিনির্ধারক ও দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নীতি বিশ্লেষকদের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন তৈরিতে সাহায্য করবে।
মন্তব্যসমূহ