টানা তৃতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বয় অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দর দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়, যা আজ সকাল ১০টা থেকেই সারা দেশের বাজারে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা এখন বিক্রি হচ্ছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়, যা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছিল দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি তিন হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে দুই হাজার ৩৯১ টাকায়।
মন্তব্যসমূহ