চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে তিনটি হোটেলের মালিকদের একটি ভ্রাম্যমাণ আদালত মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আজ বিকেলে বড় স্টেশন এলাকায় পরিচালিত হয়। অভিযানে হিলশা কিচেনকে ৩০ হাজার টাকা, মেজবান হোটেলকে ২০ হাজার টাকা এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা-পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অভিযানে জব্দ করা এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আইন অমান্য করে ইলিশ বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ