মানবিক দিক বিবেচনায় সন্ত্রাসবিরোধী আইনে আটক যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মির অবিলম্বে জামিনে মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শর্মির দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অপরজন দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত—এমন বাস্তবতায় মা হিসেবে সন্তানদের সুরক্ষা ও দেখাশোনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই আহ্বান জানান।
বিবৃতিতে জিএম কাদের বলেন, শারমিন সুলতানা শর্মি একজন রাজনৈতিক কর্মী। তিনি ভিন্ন আদর্শ ও ঘরানার রাজনৈতিক দলে নেতৃত্ব দিলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে কোনো অন্যায় বা অনিয়ম করে থাকলে দেশের প্রচলিত আইনেই তার যথাযথ বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে কোনো দ্বিমত বা আপত্তির অবকাশ নেই। তবে যেকোনো বিচারাধীন মামলায় আসামির জামিন পাওয়া একটি সাংবিধানিক ও আইনি অধিকার।
তিনি উল্লেখ করেন, শারমিন সুলতানার দুই সন্তানের মধ্যে একটি শিশু বিশেষ চাহিদাসম্পন্ন এবং অপরজন প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। একজন মায়ের অনুপস্থিতিতে এই বয়সে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে চরম ব্যাঘাত ঘটছে এবং তাদের সার্বিক সুরক্ষায় মায়ের উপস্থিতি অপরিহার্য।
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন শারমিন সুলতানা শর্মি। জিএম কাদের পুনর্ব্যক্ত করেন, মামলার আইনি প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চললেও কেবল মানবিক বিবেচনা এবং মাতৃত্বের গুরুত্ব বিবেচনায় বিজ্ঞ আদালতের মাধ্যমে দ্রুত তাঁর জামিন মঞ্জুর হওয়া উচিত।
মন্তব্যসমূহ