অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে গ্রামের দরিদ্র নেতাকর্মীদের অনেকেই এখনো পুনর্বাসনের বাইরে রয়েছেন। তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন।
তিনি বলেন, অনেক নির্যাতিত নেতাকর্মী এখনো ছিন্নমূল অবস্থায় জীবনযাপন করছেন। তাই তাদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তার বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে।
প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বাজেট কোনো দিবাস্বপ্ন নয়। এটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট। বর্তমান সরকার এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শামা ওবায়েদ বলেন, একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন দর্শনের প্রতিফলন। তার মতে, প্রস্তাবিত বাজেট মানবিক, উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও নারীবান্ধব।
তিনি আরও বলেন, বাজেটে বিনিয়োগকেন্দ্রিক প্রবৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ