জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্যের গুলিতে বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাসোহলি এলাকার একটি বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাঠুয়া জেলার মাশকা গ্রামে অবস্থিত সেবা বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালনরত সিআইএসএফ সদস্যদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে এক সদস্য সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
নিহত চারজন হলেন সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।
পুলিশ ও সিআইএসএফ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, গুলি চালানোর অভিযোগ ওঠা সদস্যের নাম অবধেশ কুমার সিং। তিনি বাহিনীতে হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সিআইএসএফের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সহকর্মীদের সঙ্গে তর্কের একপর্যায়ে অবধেশ কুমার সিং একটি অফিস কক্ষে প্রবেশ করেন। পরে নিজের কাছে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনার সময় তার কাছে বিপুলসংখ্যক গুলি ছিল বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গুলিতে গুরুতর আহত চার সিআইএসএফ সদস্যকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং কীভাবে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ