কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) তাদের কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার চারজন হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও সিয়াম।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু জানিয়েছেন, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জবানবন্দি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাদের তিন ঘণ্টা সময় দিয়েছেন। নির্ধারিত সময় শেষে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
পাবলিক প্রসিকিউটর বলেন, ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আসামিদের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। তবে এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে ওকালতনামা কিংবা কোনো আবেদন জমা দেননি বলে জানান তিনি।
মামলার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার বিচার নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন কাইমুল হক রিংকু।
এর আগে পুলিশ সংবাদ সম্মেলনে অপ্রতিম হত্যার প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য তুলে ধরে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থানে যান।
পুলিশের দাবি, অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে কৌশলে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
ঘটনায় গ্রেপ্তার চারজনের ভূমিকা এবং হত্যাকাণ্ডের বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আদালতের আইনি প্রক্রিয়া শেষে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।