অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদ ও উদ্ধার করা আলামতের ভিত্তিতে তিনজনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।আটক তিনজন হলেন সাইফুল ইসলাম তুহিন, শাহরিয়া আনাস ও মো. ফাহিম। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে শনিবার বিকেলে তুহিনকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোন উদ্ধার করে। এরপর তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিমকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত এখনো চলমান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও মামলার পরবর্তী অগ্রগতির বিষয়ে পুলিশ বিস্তারিত জানাবে।