ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২০ সেপ্টেম্বর) লং মার্চ শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে দেওয়া রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তিনি দাবি করেন, ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চের পথে বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পথে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী, ব্যবসায়ী, যানবাহনের চালক ও মালিক এবং পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল ও জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়কসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালন করা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান গোলাম পরওয়ার।
লং মার্চের কারণে সড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির বিষয়টিও স্বীকার করেন তিনি। এ জন্য দুঃখ প্রকাশ করে কর্মসূচি চলাকালে ধৈর্য ও সহনশীলতা দেখানো মানুষের প্রতি ধন্যবাদ জানান।
গোলাম পরওয়ার বলেন, জনগণের অধিকার ও বিভিন্ন দাবি সামনে রেখে ১১ দলীয় ঐক্য ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।
লং মার্চে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য শুভকামনাও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।