রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে মঙ্গলবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর ঘিরে নগরজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বেশ কয়েকটি স্থাপনায় নতুন করে রং করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশন জানিয়েছে, রাষ্ট্রপতির সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় চলমান উন্নয়ন ও সংস্কারকাজের অগ্রগতিও পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় সংশ্লিষ্ট বিশেষায়িত বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর। এর আগে সফর সফলভাবে সম্পন্ন করতে সিলেট জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কয়েক দফা প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।