বাংলাদেশের আন্তর্জাতিক স্কুলগুলোর ১৮০ জনের বেশি স্কুললিডার এবং দেশ-বিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত সম্মেলনে স্কুল পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যৎমুখী শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অক্সফোর্ডএকিউএ হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও যুক্তরাজ্যের পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান AQA-এর যৌথ উদ্যোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বস্বীকৃত শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আন্তর্জাতিক জিসিএসই পাঠ্যক্রমে বাংলা বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান। তার মতে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ।
অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, অক্সফোর্ডএকিউএ-এর গ্লোবাল স্কিলস প্রজেক্ট ও এক্সটেন্ডেড প্রজেক্ট কোয়ালিফিকেশনের মতো কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণা, সমস্যা সমাধান, যোগাযোগ ও স্বাধীনভাবে শেখার দক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারে।
সম্মেলনে আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের সফল শিক্ষা উদ্যোগ ও স্কুল পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এসব অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা হয়।
অক্সফোর্ডএকিউএ-এর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডুগান বলেন, বাংলাদেশের স্কুল ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা অর্জনে সহায়তা করতে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী।
অনুষ্ঠানে ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা ও সহযোগিতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে স্কুললিডাররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং মানোন্নয়নের সম্ভাব্য উপায় নিয়ে মতামত দেন।
সম্মেলনটি পরিচালনা করেন অক্সফোর্ডএকিউএ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা। তিনি বাংলাদেশের স্কুলগুলোর সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।