দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব করতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ কাজে জাপানের শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা কাজে লাগাতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নাগরিক শিক্ষা, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও চ্যালেঞ্জিং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। জাপানের নাগরিক শিক্ষা বিশ্বজুড়ে প্রশংসিত। তাই শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হবে।
ববি হাজ্জাজ বলেন, বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকেও আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করা হবে। এ লক্ষ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ম্যাথ ল্যাব বাস্তবায়নে জাইকার কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে শিশুদের গণিতভীতি কমবে এবং শেখার প্রতি আগ্রহ বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের দপ্তরগুলোর দায়িত্ব, জবাবদিহিতা, কর্মদক্ষতা মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে জাইকা প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষার পরিবেশ তৈরিতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্মসচিব মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব ইকবাল হাসান, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মনিকাওয়া ইউকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ