হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ কার্যক্রম শুরু করেছে, সেখান থেকেই নতুন নিয়ন্ত্রিত অঞ্চলটি শুরু হবে এবং এটি উপসাগরের বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকবে।
মহসেন রেজাই সতর্ক করে বলেন, নতুন এই অঞ্চলে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে নতুন কোনো সামরিক বা নৌ উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা