সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার পাশাপাশি আবেদনকারীদের তথ্য যাচাই ও প্রসেসিংয়ের কারণে পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ অবস্থায় প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আগে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১১ হাজার পাসপোর্টের এনরোলমেন্ট করা হতো, সেখানে দূতাবাসের উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলছে।
এদিকে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী একটি ক্যাম্পে আরও ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে দূতাবাস।
তবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা পাওয়া যাচ্ছে। এসব ক্ষেত্রে তথ্য যাচাই ও প্রসেসিং শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।
দূতাবাস বলেছে, এসব কারণে কিছু সেবাপ্রার্থীর পাসপোর্ট প্রদানে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। পাসপোর্ট সেবা দ্রুত ও সহজ করতে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।