ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা কমানো বা মওকুফের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্ষমার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা এই প্রস্তাবে অনুমোদন দেন।
ইসলামি চন্দ্রপঞ্জি অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালিত হয়। চলতি বছর দিনটি ৩০ আগস্ট পালন করা হয়েছে।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার এখতিয়ার দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।
তবে এই বিশেষ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এর আওতার বাইরে থাকবেন।
সশস্ত্র বিদ্রোহ, সংঘবদ্ধ বা সশস্ত্র মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং অর্থ আত্মসাতের মতো অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণকারী ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা এই বিশেষ ক্ষমার মাধ্যমে কমানো বা বাতিল করা হবে।
সূত্র: তাসনিম নিউজ
মন্তব্যসমূহ