রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সব ধরনের উদ্যোগকে ভারত সমর্থন করে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা বলেন মোদি।
তিনি বলেন, “আমাদের অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে যেতে হবে। মানবতার প্রত্যাশা হলো, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক।”
মোদি জানান, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে নিয়মিত আলোচনা হয়। সর্বশেষ বৈঠকেও রুশ প্রেসিডেন্ট তাকে সংঘাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “সংকট সমাধানে ভারত সব ধরনের শান্তিপূর্ণ পদ্ধতিকে সমর্থন করে। সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন, কারণ এটি শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো মানবতার স্বার্থে জরুরি।”
মোদির এই বক্তব্য ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে দেওয়া তার আলোচিত মন্তব্যের সঙ্গে মিল রয়েছে। সে সময় তিনি বলেছিলেন, “এটি যুদ্ধের সময় নয়।”
তখনও মোদি কূটনীতি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিন উভয়ের সঙ্গেই আলোচনায় ভারত সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা বলে আসছে।
মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ চলা মানেই মানবতাকে আরও পিছিয়ে দেওয়া। তাই সংঘাত বন্ধে সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভারত মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ, যাদের মূল বার্তা ছিল শান্তি। তাই যুদ্ধ নয়, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ