জামালপুরে ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহণের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), তুলসীপুর এলাকার মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), জামালপুর শহরের বজ্রাপুর এলাকার বাসচালকের সহকারী রুবেল মিয়া (৪৩) এবং বাইটকামারী এলাকার সাদ্দাম হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর পৌর শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজীব পরিবহণের একটি বাস রাত ৮টার দিকে লাহাড়িকান্দা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায় এবং অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও বাসের দুইজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, রাজীব পরিবহণের বাসের বেপরোয়া গতির কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ