দেশে গত ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সময়ে মব তৈরির চেষ্টা থাকলেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে জানানো হয়।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এসব বিষয় উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আলোচনা হয়। এ ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি থেকে বেরিয়ে এসে ‘ব্লেম গেম’ এড়িয়ে চলার পক্ষে মত দেন কমিটির সদস্যরা।
এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই বিল প্রণয়ন ও সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় সংসদীয় কমিটি।
বৈঠকে কমিটির দুই সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াক আউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কোনো সদস্যের সংশোধনী, মতামত বা আপত্তি থাকলে তা সভায় উপস্থাপন এবং প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াক আউট করা সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ