দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম রিতা বলেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ বা সংকটময় পরিস্থিতি মোকাবিলার বিষয়টি মাথায় রেখে খাদ্য মজুতের পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনের সময় সাধারণ মানুষের কাছে চাল, গমসহ প্রয়োজনীয় খাদ্যশস্য যাতে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
খাদ্যশস্যের বাজারে সিন্ডিকেট আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর অল্প সময় পার হয়েছে। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করতে চান তিনি।
তিনি বলেন, খাদ্য খাতে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে বা কোনো অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় খাদ্যগুদামে থাকা চাল ও গমের মজুত, সংরক্ষণব্যবস্থা, গুদামের পরিবেশ এবং সংশ্লিষ্ট নথিপত্রও পর্যবেক্ষণ করেন খাদ্যমন্ত্রী। কর্মকর্তাদের খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ