ভারতের রাজধানী নয়াদিল্লির অ্যারোসিটিতে অবস্থিত দুই পাঁচতারকা হোটেলে গুরুতর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পরিদর্শনের পর আন্দাজ দিল্লি ও জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) পরিচালিত পরিদর্শনে আন্দাজ দিল্লির কনফেকশনারি বিভাগ থেকে প্রায় ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি পাওয়া যায়। সেগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত পাউরুটি, মেয়াদ শেষ হওয়া কেকের বেস এবং পেস্ট্রি বিভাগে মাছি ও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। নিরামিষ ও আমিষ খাবার আলাদা রাখার ব্যবস্থাতেও ত্রুটি শনাক্ত করেন পরিদর্শকেরা।
অন্যদিকে জেডব্লিউ ম্যারিয়টে পরিদর্শনের সময় প্রয়োজনীয় লাইসেন্সসংক্রান্ত অনিয়মের পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধির গুরুতর ত্রুটি পাওয়া যায় বলে জানিয়েছে এফএসএসএআই।
পরিদর্শকেরা হোটেলটিতে তেলাপোকা ও ফল-মাছির সক্রিয় উপদ্রব, অপরিষ্কার খাদ্য স্পর্শকারী পৃষ্ঠ এবং না ধোয়া রান্নার পাত্র দেখতে পান। পানীয় পানিতেও দৃশ্যমান ময়লার কণা পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ছত্রাক আক্রান্ত আপেল ও পচা টমেটোর মতো নষ্ট উপাদান পাওয়া গেছে। খাবার ঢাকনা ছাড়া বা ক্ষতিগ্রস্ত পাত্রে সংরক্ষণ এবং নিরামিষ ও আমিষ খাবার যথাযথভাবে পৃথক না রাখার মতো অনিয়মও শনাক্ত করা হয়েছে।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ হোটেল দুটি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে অতিথিদের অবস্থান ও অনুষ্ঠানস্থল হিসেবে তালিকাভুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, সংগৃহীত নমুনার পরীক্ষার ফল এবং হোটেল কর্তৃপক্ষ কী ধরনের সংশোধনী ব্যবস্থা নেয়, তা পর্যালোচনার পর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ