পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইনমন্ত্রী বলেন, হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ফলে তাঁর শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার সংবিধান ও প্রচলিত আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।
এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, কোনো ভুক্তভোগীর নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে রাষ্ট্র তার আইনি সহায়তায় এগিয়ে আসবে। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেও সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ