ফেসবুকে চিকিৎসক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া চিকিৎসা পরামর্শ ও অনুমোদনহীন ওষুধের প্রচারণা চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর আলম ওরফে রাহাত (২৩) এবং মো. নুরনবী ইসলাম ওরফে মানিক (২৩)।
ডিবি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ইউরোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট ও প্রচারণা চালাতেন। এসব প্রচারণায় তারা শারীরিক ও যৌন দুর্বলতাসহ নানা সমস্যার চিকিৎসার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন।
তদন্তে জানা যায়, চক্রটি ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন প্রচার এবং মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করত। তাদের প্রচারণায় চিকিৎসকের পরিচয় ও ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করা হতো।
অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং ডিজিটাল কনটেন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিবি কর্মকর্তারা জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ