কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা বহনকারী ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি সদস্যরা ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পান। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের জন্য বিজিবি সদস্যরা ওই এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ