দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আপিল বিভাগ থেকে অবসর নেওয়ার আগে হাইকোর্ট বিভাগেও বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন চেয়ারম্যানের বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ের নির্ধারণ করা হয়েছে। অন্য দুই কমিশনারের সুযোগ-সুবিধা হবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের।
নতুন তিন সদস্যের নিয়োগের মাধ্যমে কয়েক মাস পর পুনর্গঠন হলো দুর্নীতি দমন কমিশন।
মন্তব্যসমূহ