যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানের শীর্ষ আলোচক দল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ১৮ ঘণ্টাব্যাপী টানা বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা দেশে ফিরেছেন।
আলোচনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং পারমাণবিক আলোচনায় অভিজ্ঞ কূটনীতিক আলি বাকেরি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এবং তাসনিমের খবরে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল দেশে ফিরে গেলেও প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সুইজারল্যান্ডে অবস্থানরত ওই দলের নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত দল ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাবে। এসব আলোচনায় সম্ভাব্য সমঝোতার কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে।
তবে দীর্ঘ সময়ের এই সংলাপের পরও যুক্তরাষ্ট্র ও ইরান এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। তা সত্ত্বেও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: আইএসএনএ
মন্তব্যসমূহ