দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা। সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে দলটির।
আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্ধারিত দিনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, তাকে প্রার্থী করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হিসেবে নিশ্চিত করা হয়নি।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রীর দায়িত্ব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদে পরিবর্তনের প্রয়োজন হতে পারে। ফলে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও দলীয় পর্যায়ে আলোচনা চলছে।
জরুরি বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
মন্তব্যসমূহ