দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার পারদানা পুত্রা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে দুই নেতার নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধ হয়ে যাওয়া কর্মীদের নিয়মিতকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন, এবং বাংলাদেশি কৃষিপণ্য—বিশেষ করে আম, ফলমূল ও শাকসবজির মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ।
এছাড়া আসিয়ান (ASEAN)-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।
বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন (Counter-Terrorism) বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল বিনিময় করেন।
পরে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।