নেপালের ইয়ালুং রি পর্বত থেকে তুষারধসে নিখোঁজ হওয়ার প্রায় নয় মাস পর পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে পর্বতটিতে তুষারধসের ঘটনায় তাদের নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ধরে কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (১০ আগস্ট) নেপালের পর্বতারোহণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন দুর্গম ওই এলাকা থেকে মরদেহগুলোর সন্ধান পায়।
উদ্ধার অভিযান সংশ্লিষ্টরা জানান, নেপালের উত্তর-পূর্বাঞ্চলের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় পাঁচজনের মরদেহ পাওয়া যায়। তাদের মধ্যে তিনজন বিদেশি এবং দুজন নেপালের নাগরিক।
নেপাল সরকার নিহত পর্বতারোহীদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার। নিহত দুই নেপালি নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।
অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানান, উদ্ধার করা মরদেহগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় ময়নাতদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত বছরের নভেম্বরে তুষারধসের পর পাঁচ পর্বতারোহী নিখোঁজ হন। দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে দীর্ঘদিন ধরে তাদের সন্ধানে নানা ধরনের চেষ্টা চালানো হলেও কোনো সফলতা আসেনি। অবশেষে নয় মাস পর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ থাকার ঘটনার অবসান হলো।
দোলাখা জেলার রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা প্রায় ১৮ হাজার ৪৭১ ফুট বা ৫ হাজার ৬৩০ মিটার। নতুন ও অপেক্ষাকৃত কম অভিজ্ঞ পর্বতারোহীদের কাছেও এটি জনপ্রিয় একটি শৃঙ্গ। তবে এখানে আরোহনের ক্ষেত্রে কারিগরি দক্ষতার প্রয়োজন তুলনামূলকভাবে কম হলেও হিমবাহ এলাকায় চলাচলের জন্য পর্বতারোহীদের প্রয়োজনীয় প্রাথমিক প্রশিক্ষণ থাকা জরুরি।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ