কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার। কম্পন অনুভূত হয় রাজধানী বোগোটা ছাড়াও প্রতিবেশী ইকুয়েডর ও পানামার বিভিন্ন এলাকায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস। ক্যালিতে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা একসঙ্গে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় অনেক এলাকায় ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পেরেইরা বিমানবন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থাপনায় ধসের খবর পাওয়া গেছে।
দেশটির প্রেসিডেন্ট আবোলার্দো দে লা এসপ্রিয়েয়া জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম জোরদার করেছেন। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ করছে দেশটির জরুরি সংস্থাগুলো।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কলম্বিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং উদ্ধার ও মানবিক সহায়তায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
সূত্র : ফাইন্যান্সিয়াল টাইমস
মন্তব্যসমূহ