১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের মূল্য কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয়। দেশের ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় তারা জীবন উৎসর্গ করেছেন। তাই শুধু তাদের স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না; মানুষের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অন্যদেরও মানবকল্যাণমূলক কাজে উৎসাহিত করার কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের ১০ সদস্যের হাতে সম্মাননা পদক ও আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নাসিমুল গণি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শহীদদের অবদান জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান।