কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১০ আগস্ট) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোটা ছাড়িয়ে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৯৬ থেকে ১০৭ কিলোমিটার।
চোকো প্রদেশের গভর্নর নুভিয়া ক্যারোলিনা কোর্ডোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রাদেশিক রাজধানী কিবদোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে বলে জানান তিনি। একই সঙ্গে আরও কম্পনের আশঙ্কায় সতর্ক থাকার কথা বলা হয়েছে।
রিসারালদা প্রদেশের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানান, প্রাদেশিক রাজধানী পেরেইরায় কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু ভবনের সামনের অংশ ধসে পড়েছে বলেও জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। বোগোটার মেয়র কার্লোস গালান জানিয়েছেন, রাজধানীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভেনেজুয়েলার সীমান্তবর্তী তাচিরা রাজ্য এবং বারকিসিমেন্তো শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: রয়টার্স