মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান প্রয়োজন।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গৌরনদী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছেন। পারস্পরিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার এই চর্চা স্থানীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেই সম্প্রীতির বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পৌঁছাতে হলে দেশে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে সব শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের তৈরি পোশাকের বড় একটি বাজার যুক্তরাষ্ট্রে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ বন্ধু এবং মিত্র হিসেবে উল্লেখ করেন।
প্রায় এক ঘণ্টার এই আন্তঃধর্মীয় সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
সংলাপে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।
সংলাপ শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সস্ত্রীক গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন। রাষ্ট্রদূত ও তার স্ত্রী গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।