আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকটের কারণে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে পুনর্গঠনের কাজ শুরু করেছে বর্তমান সরকার।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে দেশের প্রথম এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত গ্রামগুলো হলো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
সরকারের ‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসডিজির ১৭টি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব গ্রামে দারিদ্র্য কমানো, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এসডিজি ভিলেজ প্রকল্পের আওতায় সুযোগ পাওয়ায় রাঙামাটির মিতিংগাছড়ির বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ উদ্যোগকে গ্রামের উন্নয়নে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন।