রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নীজনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন।
সোমবার (১০ আগস্ট) শহরের মেয়র রাদমির বেলিয়ায়েভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলায় শিল্প স্থাপনা ও বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়।
রুশ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তাতারস্তানের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে একটি স্থাপনার ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগারটি রাশিয়ার অন্যতম আধুনিক স্থাপনা হিসেবে পরিচিত। তাতনেফটের মালিকানাধীন ট্যানেকো শোধনাগারটি ২০২৪ সালে প্রায় ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করেছে।
এর আগে চলতি বছরের জুনেও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এই শোধনাগার। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে।
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার কারণে কিছু এলাকায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হামলার পর তাতারস্তানের প্রধান রুস্তম মিনিখানভ শোক পালনের ঘোষণা দিয়েছেন।
সূত্র: রয়টার্স