যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, প্রণালি পুনরায় চালুর বিষয়টি ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের ভিত্তিতেই নেওয়া হবে।
মোহেবি বলেন, হরমুজ প্রণালি ইরানের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নৌপথ নয়, এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও গুরুত্বপূর্ণ অংশ। ফলে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নিজস্ব শর্ত ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
আইআরজিসির বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ শুধু ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার ওপর নির্ভর করছে না। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতা এবং ইরানের নির্ধারিত শর্ত পূরণের বিষয়টিও এর সঙ্গে সরাসরি জড়িত।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে হরমুজ প্রণালির পরিস্থিতি আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি