মিশরে আঘাত হানা একটি ভূমিকম্পের কম্পন দক্ষিণ ইসরায়েল ও ডেড সি অঞ্চলেও অনুভূত হয়েছে। সোমবার ভোরে সংঘটিত এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে।
কম্পন অনুভূত হওয়ার পর সংশ্লিষ্ট প্রদেশগুলোতে জরুরি সাড়াদান ব্যবস্থা সক্রিয় করেছে মিশরের রেড ক্রিসেন্ট। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাইয়ে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে।
সংস্থাটি বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, কোনো ভবনে ফাটল বা কাঠামোগত দুর্বলতার লক্ষণ দেখা গেলে সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা ও হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ উল্লেখ করেছে। সংস্থাটির হিসাবে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও ডেড সি এলাকার বাসিন্দারাও কম্পন অনুভব করেন। দেশটির অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো স্বয়ংক্রিয় সতর্কবার্তায় ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ দেখানো হয়।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, সম্ভাব্য পরবর্তী ভূমিকম্প নিয়ে নতুন কোনো সতর্কতা জারি করা হয়নি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপে।
সূত্র: জেরুজালেম পোস্ট