ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামে সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষের পর বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানে গ্রামজুড়ে তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং একাধিক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার পরিচালিত এই অভিযানের আগে শুক্রবার গ্রামটির কাছে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় চার ফিলিস্তিনি এবং দুই ইসরায়েলি সেনা নিহত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গ্রামে হামলার উদ্দেশ্যে সশস্ত্র সেটলাররা প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।
তাল গ্রামের স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় কয়েক ডজন বাসিন্দাকে আটক করে একটি অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নেওয়া হয়। ইসরায়েলি বাহিনী জানায়, তারা প্রায় ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকেও আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ঘোষণা দেন। তার কার্যালয় জানায়, সংঘর্ষে জড়িত এক ফিলিস্তিনির পরিবারের বাড়ি ভেঙে ফেলার পাশাপাশি পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের অনুমোদন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সাম্প্রতিক এই ঘটনার পর পশ্চিম তীরে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও এলাকায় নিরাপত্তা অভিযান এবং সহিংসতার আশঙ্কা অব্যাহত রয়েছে।
সূত্র : রয়টার্স