সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের মতো কোনো কারণ সরকার দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন প্রাপ্য সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। তবে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ বা আইনি ভিত্তি দেখছে না।
তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আগের সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও তিনি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী তার দায়মুক্তি ছিল। তবে দায়িত্বের বাইরের কোনো সময়ের বিষয়ে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে তিনি বলেন, এসএসএফ ও পিজিআরের নিরাপত্তা ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।
সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের অডিও প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। তবে সরকারের কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই।
অনুষ্ঠানে দায়িত্বশীলতার সঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার এবং এক প্রবাসীর হারানো ব্যাগ সময়মতো বিমানবন্দরে পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ পদকের তালিকা যাচাইয়ে কিছু ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় চলতি বছরের পুলিশ সপ্তাহে পদক দেওয়া হয়নি। যাচাই-বাছাই শেষে সংশোধিত তালিকা অনুযায়ী দ্রুত পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।