বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সংকট নিরসনে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সরকার। পুরুষ ও নারীদের জন্য সমানসংখ্যক শয্যা রাখা হবে।
শনিবার সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের সময় এ ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এ আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয় পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে যুদ্ধ, সংঘাত, বৈরী আবহাওয়া কিংবা আকস্মিকভাবে ফ্লাইট বিলম্ব ও বাতিল হলে বিদেশগামী কর্মীরা আবাসন সংকটে পড়েন।
এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যা প্রস্তুত করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন আবাসন ব্যবস্থা চালু হলে জরুরি পরিস্থিতিতে বিমানবন্দরে আটকে পড়া বিদেশগামী কর্মীদের দুর্ভোগ অনেকাংশে কমবে।