রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।
ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিভাগে মোট ৬৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে সবচেয়ে বেশি ২৯৯টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৬টি, তেজগাঁও বিভাগে ১৮০টি, মিরপুর বিভাগে ১৫৩টি এবং উত্তরা বিভাগে ১৭৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই বিভাগে মোট ২৫১টি মামলা করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, অভিযানের সময় ৩৯৪টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।